Tuesday, March 1, 2016

চেয়ারপারসন পদে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির চেয়ারপারসন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

বুধবার বেলা ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ীভাবে স্থাপন করা দলটির নির্বাচন কমিশন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৯শে ফেব্রুয়ারি, সোমবার, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছিল বিএনপি। ঐ দিন সকাল ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালনকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা মার্চ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন পরিচালনায় দলের  কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৪ঠা মার্চ, যাচাই-বাছাই ৫ই মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ৬ই মার্চ। ১৯শে মার্চ এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় জমির উদ্দিন সরকার বলেন, এই দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টদের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। এই দুই পদে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। এছাড়া তাকে অবশ্যই দলের চাঁদাদাতা সদস্য হতে হবে। নির্বাচন পেছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ যদি না চান তাহলে নির্বাচন  পেছানোর কোন সম্ভাবনা নেই। এই দুই পদে নির্বাচন ও দলের কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সরকারের সহযোগিতা চান।

প্রথমবারের মতো সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার, ১৯ মার্চ দলটির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কাউন্সিলের প্রস্তুতি অনেক এগিয়ে গেছে। সারা দেশ থেকে তিন হাজার কাউন্সিলর অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দলটি। দেশি-বিদেশী অতিথি, কূটনীতিকদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ৮ই ডিসেম্বর। তখন ২৫০০ কাউন্সিলির ও  ১২০০০ প্রতিনিধি অংশগ্রহণ করে।


No comments:

Post a Comment